৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে সহিংসতা রোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি

অনলাইন ডেস্ক: নির্বাচনকে ঘিরে স্বার্থান্বেষী মহলের যেকোনো অপতৎপরতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, ‘এ লক্ষ্যে পর্যাপ্তসংখ্যক ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
নৌবাহিনীর প্রধান এম নাজমুল হাসান বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ১৭টি সংসদীয় আসনে ২৪টি উপজেলা ও ২টি সিটি করপোরেশনে দায়িত্ব পালন করছে।উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদার করার জন্য ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্ট মার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত বোটের ব্যবস্থা রয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযানের পাশাপাশি নৌবাহিনী নিয়মিত টহল ও ফুট প্যাট্রলিং পরিচালনা করছে।’
তিনি বলেন, ‘উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স এবং সোয়াডস টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে ভোটারগণের নিরাপত্তা প্রদানের পাশাপাশি শান্তিপূর্ণভাবে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বাংলাদেশ নৌবাহিনী বদ্ধপরিকর।’
সাধারণ জনগণ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নৌবাহিনী প্রধান।
মতবিনিময়সভায় ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কারার নির্দেশনা দেন। এ ছাড়া তিনি নৌবাহিনী কন্টিনজেন্টর সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময়সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি র‍্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ভোলার সদর ও চরফ্যাশন উপজেলার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন নৌবাহিনী প্রধান। একই সঙ্গে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন