১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাফ নদী থেকে ৫ বাংলাদেশিকে আটক করে নিয়ে গেল আরাকান আর্মি

উখিয়া প্রতিনিধি : গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলেকে ফেরত আনার পর মাত্র একদিন পর নাফ নদী থেকে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি পাঁচ বাংলাদেশি জেলেকে আটক করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ।আটক হওয়া জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮), এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।
ট্রলার মালিক মোহাম্মদ উল্লাহ জানান, সেন্ট মার্টিনের কাছে মাছ ধরার পর তারা ট্রলারটি নোঙর করে নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছিলেন। হঠাৎ স্পিডবোটে করে এসে আরাকান আর্মি সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যান।
চট্টগ্রাম জোন কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিজিবির সঙ্গে যোগাযোগ করেছেন।বিজিবি সূত্রে জানা গেছে, নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বর্তমানে অন্তত চার শতাধিক জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন।প্রথম দফায় ৭৩ জনকে দেশে ফিরিয়ে আনা হলেও বাকিদের মুক্তির জন্য সীমান্ত ও কূটনৈতিক পর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন