অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়া উপজেলায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলির একটি বাক্স পেয়েছে দুই শিশু। গত রবিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার কাঁটাপুকুরিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশের নাগর নদীতে মাছ ধরতে যায় স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলমের দুই ছেলে—মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭)। মাছ ধরার সময় তারা নদীতে একটি নীল রঙের প্লাস্টিকের বাক্স দেখতে পায়।কৌতূহলবশত বাক্সটি বাড়িতে নিয়ে আসে তারা।পরে রাতে তাদের বাবা বাক্সটি খুলে দেখতে পান, ভেতরে ৫০ রাউন্ড গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করার প্লাস্টিকের তৈরি একটি ক্লিনিং রড এবং দুটি ব্রাশ রয়েছে। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব সামগ্রী উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধার করা প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে ‘CBC 32 AUTO’ লেখা রয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”





