নিজস্ব প্রতিবেদক: নগরের যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও শৃঙ্খলিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি ভবিষ্যতে আরও ৭ থেকে ৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।রবিবার (১২ এপ্রিল) নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের নিউ মনসুরাবাদ এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ তথ্য জানান।মেয়র বলেন, ‘বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় পরিকল্পিতভাবে এসব ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি জানান, এ প্রকল্পের অধীনে ইতোমধ্যে ৪টি ফুটওভার ব্রিজের কাজ শেষ হয়েছে। বর্তমানে ১৫টির নির্মাণকাজ চলছে এবং আরও ১৭টির টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।নিউ মনসুরাবাদের ফুটওভার ব্রিজটি প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকার ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। প্রায় ৩১ দশমিক ৫ মিটার দীর্ঘ ও ৩ মিটার প্রশস্ত এই ব্রিজটিতে দুই পাশে দুটি সিঁড়ি থাকবে।
মেয়র জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খান গেটের কাছাকাছি হওয়ায় এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চালু হলে দূরপাল্লার যাত্রী, স্থানীয় বাসিন্দা এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার সহজ হবে। বিশেষ করে উত্তর কাট্টলী ও উত্তর পাহাড়তলী এলাকার মানুষ এতে উপকৃত হবেন।তিনি আরও বলেন, এসব ফুটওভার ব্রিজ নির্মাণের ফলে সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে।মেয়রের ভাষায়, ‘নগর উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং নাগরিকদের জীবনযাত্রা নিরাপদ করা। পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা একটি নিরাপদ নগর গড়ে তুলতে চাই।’অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।





