নিজস্ব প্রতিবেদক: জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর-আলিপুর এলাকায় প্রতিষ্ঠিত অস্থায়ী ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি উক্ত এলাকায় স্থাপিত পুলিশ ক্যাম্পগুলোর দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান পুলিশি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকার স্থানীয় জনগণকে আইনসম্মত সকল কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।এ ছাড়া কোনো মহল বা চক্রান্তকারী গোষ্ঠীর অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্যে কেউ যেন বিভ্রান্ত না হন সে বিষয়ে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
পুলিশ সুপার আরও উল্লেখ করেন, জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে। পাশাপাশি স্থানীয় জনগণের সাথে সমন্বয় বৃদ্ধি করে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।





