নিজস্ব প্রতিবেদক: নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় ব্যাংকে জমা দেওয়ার কথা বলে নিয়োগকর্তার ২৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া মো. আলী (৪৪) নামে এক কর্মচারীকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ মার্চ) খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. আলীর বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বারখাইন ইউনিয়নে। তিনি নগরের বাকলিয়া থানাধীন চাক্তাই ছোবন সওদাগর রোডের ‘মদিনা স্টোর’–এ কর্মচারী হিসেবে কাজ করতেন।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তা ও চাক্তাই ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন প্রযুক্তির সহায়তায় আলীর অবস্থান শনাক্ত করেন। নিশ্চিত হওয়া যায়, তিনি খুলনায় অবস্থান করছেন। পরে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর কাছ থেকে আত্মসাৎ করা কিছু জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মো. আলীকে খুলনা থেকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী মো. মোরশেদ কামাল (৪২) পেশায় ব্যবসায়ী। চাক্তাইয়ের ছোবন সওদাগর রোডে তাঁর ‘মদিনা স্টোর’ নামে একটি দোকান রয়েছে।
আলী গত সাত-আট বছর ধরে সেখানে কাজ করতেন। ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিত ব্যাংক লেনদেনের দায়িত্বও তাঁর ওপর ছিল। গত ২৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে ইসলামী ব্যাংক চাক্তাই শাখার হিসাব থেকে ২৪ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের জন্য একটি চেক আলীর কাছে দেওয়া হয়। তাঁর সঙ্গে ছিলেন বাদীর বড় ভাই জসিম উদ্দিন। উত্তোলিত অর্থ কৃষি ব্যাংক চাক্তাই শাখায় জমা দেওয়ার কথা ছিল।
অভিযোগ অনুযায়ী, ব্যাংকে গিয়ে আলী জসিম উদ্দিনকে কৃষি ব্যাংকে আগে যেতে বলেন এবং নিজে টাকা নিয়ে আসার কথা জানান। কিন্তু পরে তিনি আর সেখানে যাননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি বাকলিয়া থানায় মামলা করেন মোরশেদ কামাল।





