২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চলতি মাসেই ফ্যামিলি কার্ডবিতরণ, মিলবে নগদ অর্থ : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: সারা দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। আর চলতি ফেব্রুয়ারি মাস থেকে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুসারে দেশে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।’শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে একুশে ফেব্রুয়ারির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথম পর্যায়ে এই ফ্যামিলি কার্ডে নগদ অর্থ প্রদান করা হবে। দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবেন।’জলবায়ু পরিবর্তন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে দেশের একটি বড় অংশ তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এ কারণে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় করণীয় বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।’
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বরিশালের উন্নয়ন পরিকল্পনার কথাও জানান। ভোলার গ্যাস বরিশালে আনা, বনগাঁ থেকে পায়রা পর্যন্ত ফোরলেন সড়কসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান। বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মনজুরুল আলম, পুলিশ সুপার মো. ফারজানা ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

 

আরও পড়ুন