১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে প্রথম থেকে ১০ম শ্রেণির ৪৫ প্রতিযোগীকে জিনিয়াস পুরস্কার

খবর বিজ্ঞপ্তি: অমর একুশে উপলক্ষে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ‘জিনিয়াস ঘরে বসে আঁকা ও লেখা প্রতিযোগিতা’য় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক ও বিশিষ্ট নাট্যজন প্রদীপ দেওয়ানজী।
তিনি বলেন, আঁকা ও লেখা প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এটি কেবল বিজয়ের জন্য নয়, বরং নিজের প্রতিভা তুলে ধরার ও নতুন কিছু শেখার সুযোগ। প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই বড় বিজয়। এখানে তোমরা নতুন কিছু শিখবে অন্যের কাজ দেখে অনুপ্রাণিত হবে। তোমরা যারা সুন্দর করে চিত্রাঙ্কন করেছো, কবিতা বা অনুচ্ছেদ লিখেছো তারা হয়তো নতুন কোনো ভাবনার জগৎ তৈরি করছো। তাই মনের আনন্দে আঁকো এবং লেখো। তোমাদের এই প্রচেষ্টাই তোমাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং আরও এগিয়ে দেবে।
জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে জিনিয়াস সদস্য সচিব বিলকিছ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবু তালেব বেলাল, জিনিয়াস মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, জিনিয়াস উপদেষ্টা মুহাম্মদ ছৈয়দ সিআইপি, শরীফ আর্ট স্কুলের পরিচালক ও চারুশিল্পী আমিরুল হক এমরুল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদ বলেন, মাতৃভাষার প্রতি নতুন প্রজন্মের টান বাড়াতে ও ভাষার মাস (ফেব্রুয়ারি) উদযাপনে ‘জিনিয়াস’ আয়োজিত আঁকা ও লেখা প্রতিযোগিতা একটি অনন্য প্রয়াস। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিশুদের মনের ভেতরে ভাষা ও সংস্কৃতির চেতনা জাগিয়ে তোলার মাধ্যমে তাদের জাতীয় পরিচয়ের সাথে যুক্ত করা। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে আমাদের ভাষার ইতিহাস এবং দেশপ্রেমের সাথে পরিচিত করার একটি চমৎকার মাধ্যম তৈরি করার প্রাণান্ত প্রয়াস সকলের সহযোগিতায় আরও বেগবান হবে প্রত্যাশা করি। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যায়ে তিনটি গ্রুপে মোট ৪৫ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় নাট্যভিনেতা মীর জুবেদ, রাশেদুল আলম চৌধুরী, শিক্ষক অন্তিম পাল, তানজিম আহমেদ ও তাসনোভা আহমেদ তাহিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন