৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে একদিনে বাতিল ১১ আন্তর্জাতিক ফ্লাইট

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে আরও ১১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড বন্ধ থাকায় আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন ঘটছে।মঙ্গলবার (৪ মার্চ) বাতিল হওয়া আগমনী (এরাইভাল) ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস বাংলা এয়ারলাইনসের একটি এবং এয়ার আরাবিয়ার তিনটি ফ্লাইট।বহির্গামী (ডিপার্চার) ফ্লাইটের মধ্যে বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি, ইউএস বাংলার একটি এবং এয়ার আরাবিয়ার তিনটি ফ্লাইট।তবে ওমানের মাস্কাট রুটে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ সকাল ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরে ওভি-৪০২ ফ্লাইট সকাল ৯টায় যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আগত বিজি-১৩৬ ফ্লাইট সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণ করে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। একইভাবে ইউএস বাংলা এয়ারলাইনসের মাস্কাট থেকে আগত বিএস-৩২২ ফ্লাইট সকাল ৯টায় অবতরণ করে এবং সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ‘২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে আজকের ১১টি আন্তর্জাতিক বাতিল হওয়া ফ্লাইটসহ অত্র বিমানবন্দরের সর্বমোট ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশপথে নিরাপত্তা ঝুঁকি ও সংশ্লিষ্ট গন্তব্য বিমানবন্দরগুলো বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ রইল।’

আরও পড়ুন