২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘুষের টাকাসহ সোনাগাজী উপজেলা প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক

অনলাইন ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ ও তার অফিস সহায়ককে ঘুষের টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়।অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি প্রকল্প বাস্তবায়নের নামে সোনাগাজীতে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করে এবং সত্যতা পাওয়ায় তাকে হাতেনাতে ঘুষের টাকাসহ আটক করে।
দুর্নীতি দমন কমিশন নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।ফারুক আহমেদ জানান, মোহাম্মদ আল সাঈদ এর আগে সোনাগাজীর বিভিন্ন প্রকল্প থেকে আরও পাঁচ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচটি সেতু নির্মাণে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন বলেও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।দুদকের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত শেষে তাদের পুলিশে সোপর্দ করা হবে।

আরও পড়ুন