অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের সদর উপজেলায় অনুমোদহীন খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে দুটি কারখানাকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদ নগর এলাকায় র্যাব, জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে ‘গ্রামীণ’ ও ‘আনন্দ’ সেমাই কারখানায় এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, র্যাব-১১-এর সিপিসি-১ স্কোয়াড কমান্ডার এএসপিআল মাসুদ খান এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহার।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গ্রামীণ সেমাই’ কারখানায় খোলা টয়লেটের পাশে সেমাই উৎপাদন এবং বৈধ অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের সিল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত সেমাই জব্দ করা হয়। এছাড়া ‘আনন্দ সেমাই’ কারখানার বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়মবহির্ভূতভাবে পণ্য প্যাকেটজাত করার অভিযোগে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ পাচ্ছিলাম এখানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হয়, তাই আমরা এই অভিযান চালিয়েছি। এখানে দুটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ উৎপাদনের দায়ে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।
র্যাব-১১-এর সিপিসি-১ স্কোয়াড কমান্ডার এএসপিআল মাসুদ খান বলেন, ‘ঈদকে সামনে রেখে অনেক অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ প্রস্তুত করে থাকে, তাই আমরা এই অভিযান পরিচালনা করে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছি। ঈদ পর্যন্ত এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।





