স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছে পাকিস্তান। আর এই ইস্যুতে এবার চিরপ্রতিদ্বন্দ্বী দেশটিকে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতের সাবেক অধিনায়ক ও ১৯৮৩ বিশ্বকাপ জয়ী তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। পিসিবির এই সিদ্ধান্তকে স্রেফ ‘ভয়’ হিসেবে দেখছেন তিনি।নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে শ্রীকান্ত পাকিস্তানের এই অবস্থানকে চরম উপহাস করেছেন।তিনি বলেন, ‘খালি কলসি বাজে বেশি। পাকিস্তান আসলে ভয় পেয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ওরা ভারতের কাছে হেরেছে। তাই এখন ওরা ওয়াকওভার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় উপহার দেওয়া) দেওয়ার কথা ভাবছে।পাকিস্তান খেলল কি খেলল না, তাতে ভারতের কিছু যায় আসে না। ওরা আসুক বা না আসুক, এই ম্যাচ ভারতের জন্য এমনিতেও ওয়াকওভার-এর মতোই সহজ।’পাকিস্তান সরকার রোববার দলকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও সাফ জানিয়ে দিয়েছে যে, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তারা মাঠে নামবে না। যদিও এর কোনো আনুষ্ঠানিক কারণ আইসিসিকে জানায়নি পিসিবি।
তবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্ট ভারত থেকে সরিয়ে নেওয়ার পর যখন বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে, তাদের প্রতি সংহতি জানাতেই পাকিস্তান এই পথে হাঁটছে।
সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তান দল গত সপ্তাহেই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে ছন্দে রয়েছে। গত সোমবার তারা শ্রীলঙ্কায় পৌঁছেছে এবং বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার পর ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেই ম্যাচটিই বয়কট করতে যাচ্ছে পাকিস্তান।এরপর ১৮ ফেব্রুয়ারি তারা নামিবিয়ার মুখোমুখি হবে।শ্রীকান্ত আরও মনে করিয়ে দেন যে, এশিয়া কাপের মতো টুর্নামেন্টেও পাকিস্তান ভারতের বিপক্ষে সবগুলো ম্যাচ খেলেছিল। তবে এবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে হাই-ভোল্টেজ ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় পিসিবি’র পেশাদারিত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন ভারতের এই সাবেক নির্বাচক।





