আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৯ আরোহীই নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ক্রিমিয়ার আকাশসীমায় নিয়মিত ফ্লাইট চলাকালীন এএন-২৬ মডেলের বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে অনুসন্ধানকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে থাকা ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার মূল কারণ হিসেবে কারিগরি ত্রুটি অনুমান করা হচ্ছে। বিমানে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, অর্থাৎ ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির সঙ্গে সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই। বিমানটি ক্রিমিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে, যা থেকে এই অঞ্চলের সংখ্যালঘু রাজনৈতিক ও সামরিক উত্তেজনা শুরু হয়।





