অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়ায় আব্দুল কাহার ওরফে আতিক নামে এক কলেজ শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা সিংড়ার বড়গ্রাম দক্ষিণপাড়া মহল্লার মৃত আব্দুল মজিদ মণ্ডলের ছেলে মাসুদ রানা ও একই এলাকার মৃত ফজলার রহমানের ছেলে মিজানুর রহমান মিন্টু।নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর জানান, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হত্যার শিকার সিংড়া উপজেলার বড়গ্রাম দক্ষিণপাড়া মহল্লার আব্দুর রশীদের ছেলে আব্দুল কাহার ওরফে আতিককে তার পরিচিত কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরদিন সকালে বাড়ির অদূরে একটি পুকুরপাড় থেকে কাহারের মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশীদ বাদী হয়ে ৪ জনের নামসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে এবং মোবাইল ফোনের সূত্র ধরে তাদের তদন্ত প্রাপ্ত মিজানুর রহমান মিন্টু ও মাসুদ রানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।




