১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এনএসআই কর্মকর্তা পরিচয়ে এমপির কাছে চাঁদা দাবি, সাতকানিয়ায় যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত এমপি শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকায় এমপির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফখরুদ্দিন চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাসিন্দা।পুলিশ জানায়, এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে অভিযুক্ত ব্যক্তি এমপির বাসায় গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে যৌথবাহিনীকে খবর দেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।তল্লাশির সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত একাধিক ভুয়া ছবি, একটি মোবাইল ফোন এবং মানিব্যাগে সংরক্ষিত বিভিন্ন পরিচয়পত্র ও ছবি উদ্ধার করা হয়েছে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন