বিনোদন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারকাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা নতুন নয়। সেই তালিকায় এবার যুক্ত হলেন ঢালিউড অভিনেতা ওমর সানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। তার এই ঘোষণা ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
ওমর সানীর পোস্টের পরপরই মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার সিদ্ধান্তকে ব্যক্তিগত মতামত হিসেবে সমর্থন জানালেও কেউ আবার টেনে আনছেন অতীতের রাজনৈতিক প্রসঙ্গ। কয়েক বছর আগে তার স্ত্রী, চিত্রনায়িকা মৌসুমী আওয়ামী লীগের নৌকা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন—এই বিষয়টি সামনে এনে অনেকেই প্রশ্ন তুলছেন দম্পতির রাজনৈতিক অবস্থান নিয়ে।শাহাদত হোসেন নামের এক ভক্ত মন্তব্য করেন, ‘আপনার বউ না নৌকার মনোনয়ন চেয়েছিলেন?’ আরেকজন লেখেন, ‘আপনারা তো আগে নৌকার মনোনয়ন চেয়েছিলেন।
’ এসব মন্তব্য নজরে এলে ওমর সানী পাল্টা জবাবে হালকা রসিকতার সুরে লেখেন, ‘আমি চাইছিলাম, বলো না বাবা?’ পাশাপাশি তিনি স্পষ্ট করেন, তিনি নিজে কখনোই আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাননি।এ বিষয়ে নেটিজেনদের একাংশের মত, একই পরিবারের সদস্যদের রাজনৈতিক পছন্দ আলাদা হওয়াই স্বাভাবিক এবং এটি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আবার কেউ কেউ এই ভিন্ন অবস্থানকে বৈপরীত্য হিসেবেও দেখছেন।বলা দরকার, এর আগেও রাজনৈতিক কারণে আলোচনায় এসেছিলেন ওমর সানী।সম্প্রতি তিনি গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে একটি ভিডিও বার্তায় ভোট চেয়েছিলেন।
সেখানে তিনি বলেন, ‘গাজীপুরের প্রথম মেয়র ছিলেন রনি ভাইয়ের বাবা। রনি ভাই অনেক পরিশ্রমী মানুষ। ধানের শীষ নিয়ে তিনি নির্বাচন করছেন। আমি বিশ্বাস করি, তিনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ।’
অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত মতামত ও সামাজিক অবস্থান নিয়েও সময় সময় আলোচনায় থাকেন ওমর সানী। তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানও এখন বিনোদন অঙ্গনের পাশাপাশি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে।





