বিনোদন ডেস্ক : কলকাতার টালিগঞ্জে অবস্থিত বহুতল আবাসন আরবানা-য় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। সোমবার হঠাৎই আবাসনটির চতুর্থ টাওয়ারের পাঁচতলায় আগুন লাগে। এই টাওয়ারেই থাকেন অভিনেত্রী পায়েল সরকার ও লহমা ভট্টাচার্য-সহ বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। আগুন লাগার পর দ্রুতই আবাসিকেরা নিচে নেমে আসেন।ঘটনার বর্ণনা দিতে গিয়ে পায়েল বলেন, “প্রথমে কেউই টের পাননি। আমাদের রান্নাঘরের বাইরে প্রচুর ধোঁয়া দেখে রান্নার দিদি আমাকে ডাকেন। সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝে নীচে নেমে আসি।”ততক্ষণে ধোঁয়ায় ঢেকে যায় পুরো টাওয়ারের আশপাশ।স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। পায়েলের কথায়, শুরুতে ফায়ার সার্ভিসে খবর দেওয়ার কথাও কারও মাথায় আসেনি। প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন লহমা ভট্টাচার্যও। তিনি থাকেন পরিবারের সঙ্গে ৩০ তলায়। তাঁর ভাষায়, “হঠাৎ দেখি চারপাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সবাই তড়িঘড়ি নিচে নামছেন। ৩০ তলা থেকে নামতে তো সময় লাগে! করিডরে কিছুই দেখা যাচ্ছিল না—চারদিকে শুধু ঘন ধোঁয়া।”
আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচতলার একটি ফ্ল্যাটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।বর্তমানে পায়েল, লহমা এবং আবাসনের অন্য বাসিন্দারা সবাই নিরাপদে রয়েছেন।




