৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘অবিশ্বাসের দেশে’ মৃন্ময়ী মেঘা

বিনোদন ডেস্ক: প্রথমবার প্রকাশ হলো বড়দের নিয়ে ছোটদের গান! শুনতে একটু খটকা লাগার কথা। প্রশ্ন ওঠার কথা— সে আবার কেমন গান? উত্তরে বলা যেতে পারে, এটা আসলেই অন্যরকম একটি গান। যে গানে ছোটদের পক্ষ থেকে বড়দের জন্য রয়েছে কিছু পরামর্শ।জীবনমুখী ঘরানার এই গানটির নাম ‘অবিশ্বাসের দেশে’।স্থপতি এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে এবং অটমনাল মুনের সংগীতায়োজনে এটি গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। এটি মেঘার গাওয়া তৃতীয় মৌলিক গান।‘অবিশ্বাসের দেশে’ গানচিত্রটি প্রকাশ হয়েছে এক নির্ঝরের গান প্রোজেক্টের আওতায় গানশালা ইকেএনসি নামের ইউটিউব চ্যানেলে। মৃন্ময়ী মেঘাকে মডেল করে গানটির ভিডিও বানিয়েছেন মুজাহিদ মিজাব।
ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে/আবোল তাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে/ইতিহাসের নাকের ডগায় পাহারাদার বসে/ঘুমের ঘোরে সারাটা দিন কপালটাকে ঘষে/অবিশ্বাসের দেশে/একটা কিছু করে দেখাও খানিক ভালোবেসে/ …।
এমন রাজনৈতিক কথার অরাজনৈতিক গানটি তৈরি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‌‘সময়টা এমন আসলে, কার কথা কে যে শুনবে সেটা বোঝা কঠিন হয়ে গেছে। আমাদের অন্যায়-অনিয়মগুলো বাচ্চারা অনেকটাই বোঝে হয়তো। কিন্তু তারা তো আর সেসব ধরিয়ে দিতে পারে না।সেখান থেকে মনে হলো, আমাদের (বড়দের) নিয়ে যদি বাচ্চারা গান করে, তাহলে সবার কানে পৌঁছাতে পারে। তাতে যদি আমাদের একটু হুঁশ ফেরে। জানি তাতেও কিছু হয়তো হবে না। আমরা শুধু চেষ্টা করে যেতে পারি। সেই চেষ্টারই ফল মৃন্ময়ী মেঘার কণ্ঠে এই গান।’
এদিকে ভিন্ন কথার এই গানটি গেয়ে বড়দের পক্ষ থেকে ভালোই প্রশংসা মিলছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘার পক্ষে। প্রতিক্রিয়ায় মেঘা বললো, ‘নির্ঝর আংকেলের কথা-সুরে ও মুন আংকেলের সংগীতে এটা আমার দ্বিতীয় গান। এবারের গানটি গেয়েও আমার খুব ভালো লেগেছে। ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে। আমার জন্য দোয়া করবেন সবাই। যেন আরও সুন্দর সুন্দর গান গাইতে পারি।’
বলা দরকার, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশ হয় ২০২৪ সালে অটমনাল মুনের কথা, সুর, সংগীতে ‘ভূতের রাজা দিলো বর’। ২০২৫ সালে প্রকাশ হয় এনামুল করিম নির্ঝরের কথা-সুরে দ্বিতীয় গান‌ ‘হাউ মাউ খাউ’।

আরও পড়ুন