১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ন্যায়সঙ্গত নয়: জামায়াত আমির

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ফেয়ার (ন্যায়সঙ্গত) নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, সরকার দেশ ও জনগণের স্বার্থের পক্ষে উদ্যোগ নিলে আমাদের সহযোগিতা পাবে। জনস্বার্থের বিরুদ্ধে গেলে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলব।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের পর সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির।তিনি বলেন, আমরা জুলাই শহিদদের শ্রদ্ধা জানাতে পারি নাই। সরকারি দল হতে পারি নাই আফসোস নাই।
ফলাফল প্রকাশের সাথে সাথে নির্বাচনের উৎসব মিলিয়ে গেছে। দেশের মানুষ পরিপূর্ণভাবে তাদের আমানত পূরণ করতে পারিনি। গভীর রাতে শপথের চিঠি দিয়েছে। এটা অস্বস্তিকর।সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা, গণভোটের রায়কে সম্মান দেখিয়েছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জন আকাঙ্ক্ষার বিপরীত। এটা সংস্কারের বিরোধী। বিএনপি জন-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। জুলাইকে অসম্মান করে সংসদ গৌরবের আসনে বসতে পারে না।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ পাক এটা আমাদের চাওয়া। প্রত্যেক নাগরিক যেন নিরাপত্তা পায়, কর্মসংস্থান সৃষ্টি হোক এটা আমরা চাই। নির্বাচনের রাত থেকে বিভিন্ন এলাকায় আমাদেরকে ভোট দেয়ার কারণে নারী- পুরুষের ওপর হামলা হচ্ছে। এটা বন্ধ হোক এটা আমরা চাই। ইতিবাচক ভূমিকা হলে সহযোগিতা পাবে সরকার।অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এরইমধ্যে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ।অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

আরও পড়ুন