৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসপাতালের সামনে রাজস্ব কর্মকর্তার মরদেহ ‘ফেলে’ পালাল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক: নওগাঁয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা।নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ট্রেনযোগে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে আসছিলেন জুনায়েদ। ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি ফেরেননি। ভোর সাড়ে ৫টায় হলুদ রংয়ের একটি পিকআপ ভ্যানে তার ক্ষতবিক্ষত মরদেহ ২৫০ শয্যা নওগাঁ হাসপাতালের সামনে এসে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃওরা। এরপর সেখানকার কর্মচারীরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, ‘সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে আমরা ধারণা করছি। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারাও হাসপাতালে এসেছিলেন। থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে।’
২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, ‘মরদেহটি আমরা সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছি।পরে থানা পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।’
নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী থানায় এসে একটি অভিযোগ দায়ের করছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন