অনলাইন ডেস্ক: যশোরের অভয়নগরে উস্কানিমূলক স্লোগানকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলার ঘটনায় একে অপরকে দায়ী করছেন দুই দলের নেতারা।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শেখ খালিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির সিরাজুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা ও সমর্থক শরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভাটপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি ওজামায়াতে ইসলামীর পৃথক অনুষ্ঠান শেষে উভয়দল মিছিল বের করে। একপর্যায়ে মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া শুরু হলে সংঘর্ষের সূত্রপাত হয়।পরে সংঘর্ষ ভাটপাড়াবাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী এস পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান ইউসুফ বলেন, ‘খালিদ ও ইকবাল ভাইকে কুপিয়ে তাদের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। আমাকে ও জাকির ভাইকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে।এছাড়া মিছিলে থাকা অন্তত ২০জন আঘাতপ্রাপ্ত হয়েছেন। জামায়াত-শিবিরের মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দিয়ে তারা দেশীয় অস্ত্রসহকারে আমাদের উপর হামলা চালায়।
হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎনাধীন উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা বলেন, ‘স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান দিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে উল্টো আমাদের উপর দায়ভার চাপিয়ে দিচ্ছে। তারা দেশীয় অস্ত্রসহকারে আমাকে ও ইউনিয়ন জামায়াতের আমিরসহ ২০-৩০ জন মারপিট করে আহতকরেছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ভাটপাড়া বাজারে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’




