অনলাইন ডেস্ক: লাল-সবুজের আবহ, দেশাত্মবোধক গান আর শিশু কিশোরদের পদচারণায় মুখর ছিল চট্টগ্রাম জেলা স্টেডিয়াম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ছিল শৃঙ্খলা আর দেশপ্রেমের প্রতিচ্ছবি।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসি সদস্যদের সুসজ্জিত কন্টিনজেন্ট। তাদের সমন্বিত পদচারণা দর্শকদের মুগ্ধ করে।শুধু বাহিনীর আনুষ্ঠানিকতা নয়, এ আয়োজন হয়ে ওঠে নতুন প্রজন্মের দেশচেতনারও মঞ্চ। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও গার্ল গাইডস সদস্যরা নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে অংশ নেয়। কুচকাওয়াজ পরবর্তী ডিসপ্লেতে শিক্ষার্থীরা দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও ঐতিহ্যকে শারীরিক কসরতের মাধ্যমে জীবন্ত করে তোলে, যা দর্শকদের আবেগাপ্লুত করে।কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





