নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) অপারেশন এস-ড্রাইভে ২৪ ঘণ্টায় ১৮ ছিনতাইকারীসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, চলমান অপারেশন ‘এস-ড্রাইভ’-এর অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। রোববার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের এদের গ্রেফতার করা হয়। এর আগে শনিবার দুপুর থেকে এ অভিযান পরিচালনা করা হয় নগরের ১৬টি থানাধীন বিভিন্ন এলাকায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, ছিনতাইকারী ১৮ জন, মাদক ব্যবসায়ী ৪ জন, জুয়াড়ি ৬ জন এবং কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ জন ডবলমুরিং থানা এলাকা থেকে এবং সদরঘাট, আকবরশাহ ও কর্ণফুলী থানা এলাকা থেকে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া চান্দগাঁও থানা এলাকা থেকে ৩ জন ছিনতাইকারী গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।





