মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে আবুল খায়ের গ্রুপের চোরাই রড আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও সেগুন কাঠের কিছু ফার্নিচার জব্দ করা হয়। শনিবার (৩১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ্ববর্তী ধুমঘাট হাজী চাঁন মিয়া বিদ্যালয়ের পাশে একটি বাড়ি থেকে এসব চোরাই মালামাল জব্দ করা হয়।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাতে একটি চক্র দীর্ঘদিন ধরে গাড়ি চালকদের সঙ্গে আঁতাত করে রড ও ফার্নিচার গাড়ি থেকে নামিয়ে বিক্রি করে আসছে। শনিবার রাতে একটি ট্রাক থেকে রড নামানোর সময় স্থানীয় লোকজন আসলে পালিয়ে যায় চক্রটি। পরে পুলিশ এসে ট্রাকবোঝাই রডসহ মালামাল আটক করে।
সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী জানান, আটক করা মালামাল জোরারগঞ্জ থানা হেফাজতে রয়েছে। বিষয়টি তদন্ত চলছে। চোর চক্রের সদস্যের আটকের চেষ্টা চলছে।





