৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় ক্রেনের আঘাতে বাংলাদেশি শ্রমিক নিহত

নলাইন ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেরাক এলাকায় ক্রেনের আঘাতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটের দিকে সাইন বোর্ড মেরামতের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত বাংলাদেশি রিমোট কন্ট্রোলের সাহায্যে স্পাইডার লিফটটি পরিচালনা করছিলেন। ফুটপাতের ধারে ধাক্কা লেগে ক্রেনটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে এবং বাংলাদেশি কর্মীর ওপর উল্টে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ক্রেনটি উল্টে যাওয়ার সময় পাশে থাকা একটি প্রোটন পারসোনা এবং একটি বিএমডব্লিউ ৫২৩আই গাড়ির ওপর আছড়ে পড়ে। তবে সৌভাগ্যবশত গাড়ি দুটির ভেতরে থাকা কেউ আহত হননি।বিষয়টি নিশ্চিত করে কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মো. ঈসা জানিয়েছেন, ঘটনাটি সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান এবং ক্রেন মালিকের পরিচয় শনাক্তের কাজ চলছে।কুয়ালালামপুর সিটি হলের পক্ষ থেকে কাজের কোনো বৈধ পারমিট ছিল কি না, তাও যাচাই করা হচ্ছে। এ ছাড়া সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করার চেষ্টা চলছে। এদিকে, পুলিশ এই ঘটনা সম্পর্কে কোনো প্রত্যক্ষদর্শী বা তথ্য থাকলে নিকটস্থ থানায় বা ট্রাফিক পুলিশের ০৩-২০৭১ ৯৯৯৯ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন