৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজ্ঞানীদের সতর্কবার্তা, দেশে নতুন প্রাণঘাতী ভাইরাস শনাক্ত

অনলাইন ডেস্ক : দেশে রহস্যজনক পিআরভি রোগ ছড়ানোর কারণ হিসেবে প্রথমে ধারণা করা হয়েছিল নিপাহ ভাইরাসকে। কিন্তু নতুন গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, এটি আসলে নিপাহ নয়। রোগটির উৎস বাদুড়বাহিত নতুন আরেকটি ভাইরাস, যা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। দি ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।গবেষণায় জানানো হয়, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে পাঁচজন রোগী জ্বর, বমি, মাথা ব্যথা, অতিরিক্ত ক্লান্তি, মুখে অতিরিক্ত লালা নিঃসরণ এবং স্নায়বিক জটিলতাসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পাঁচজনই খেজুরের কাঁচা রস পান করেছিলেন, যা বাদুড়ও খেয়ে থাকে। আর খেজুরের কাঁচা রস নিপাহ সংক্রমণের পরিচিত মাধ্যম।তবে পরীক্ষায় দেখা যায়, আক্রান্তদের কারো শরীরেই নিপাহ ভাইরাস পাওয়া যায়নি।কয়েক সপ্তাহের মধ্যে তারা হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনজন দীর্ঘদিন ধরে তীব্র দুর্বলতা, বিভ্রান্তি, শ্বাস নিতে সমস্যা এবং হাঁটাচলাসহ জটিলতায় ভুগছিলেন। তাদের মধ্যে একজনের ২০২৪ সালে মৃত্যু হয়, যার সুনির্দিষ্ট স্নায়বিক কারণ নির্ধারণ করা যায়নি।
সর্বশেষ গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, আক্রান্তরা আসলে প্টেরোপাইন অরথোরিওভাইরাস (পিআরভি)-এ সংক্রমিত হয়েছিলেন। এটি একটি বাদুড়বাহিত ভাইরাস, যা মানুষের শরীরে গুরুতর স্নায়বিক ও শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে।
গবেষকদের সতর্কবার্তা অনুযায়ী, এই ভাইরাসটি জিনগত পুনর্গঠনের মাধ্যমে আরো বেশি সংক্রামক ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় নতুন জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞানীরা খেজুর গাছ থেকে নামানো কাঁচা রস পান থেকে বিরত থাকা, নজরদারি জোরদার করা এবং দ্রুত গবেষণা ও প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন