ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পেলাগাজি দীঘির পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।হতরা হলেন— উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল এলাকার তপু উড়াং (২২), উত্তম উড়াং ও নয়ন (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাগড়াছড়ির মানিকছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি দূরপাল্লার বেপরোয়া গতির বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং বাসটি উল্টে যায়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। কয়েকজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, বাসের যাত্রীরা বউভাতা থেকে ফিরে যাচ্ছিলেন এবং মোটরসাইকেল আরোহীরা রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন।ফটিকছড়ি থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন,‘আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’





