২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মার ২ ইলিশ ১০ হাজারে বিক্রি

অনলাইন ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় জেলের জালে ধরা দুটি ইলিশ মাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে একটির ওজন দুই কেজি ১০০ গ্রাম, অপরটি এক কেজি ৯০০ গ্রাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ওই ইলিশ দুটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসাায়ী মো. শাজাহান শেখ।স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দে পদ্মায় পানি ও স্রোত কমে যাওয়ায় সেখানে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও সহসা ধরা পড়ছে না ইলিশ।আজ বুধবার ভোর ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে বড় আকারের ওই দুটি ইলিশ ধরা পড়ে স্থানীয় জেলে সেকেন হলদারের জালে। পরে বিক্রি করতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় হালিম সরদারের মাছের আড়তে নেওয়া হয়। সেখানে মোট চার কেজি ওজন মেপে চার হাজার ৬০০ টাকা কেজি দরে ইলিশ দুটি নিলামে বিক্রি করেন ওই জেলে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘জেলে সেকেন হলদারের জালে ধরা দুই কেজি ১০০ গ্রাম ও এক কেজি ৯০০ গ্রাম ওজনের বড় দুটি ইলিশ চার হাজার ৬০০ টাকা কেজি নিলামদরে আমি কিনেছি।পরে অনলাইনে যোগাযোগ করে মুন্সিগঞ্জ জেলা শহর এলাকার ইতালিপ্রবাসী এক ব্যক্তির কাছে ওই দুই ইলিশ মোট দশ হাজার টাকায় বিক্রি করেছি।’

আরও পড়ুন