অনলাইন ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্রসহ নুরু বাহিনীর সদস্য এবং শীর্ষ সন্ত্রাসী আতিক হাসানকে (৩০) আটক করেছে সেনাবাহিনী।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার (৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত উপজেলার সাবরুল ইউনিয়নের বাগিনাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।সেনাবাহিনী জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় নাশকতা চালানোর উদ্দেশে এসব অস্ত্র ও গোলাবারুদ মজুদ করা হয়েছিল। গ্রেপ্তার আতিক শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পলাতক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ওরফে নুরুর নেতৃত্বাধীন নুরু বাহিনীর সক্রিয় সদস্য।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আতিক বাড়ির ছাদ টপকে পালানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজত থেকে ব্রিটিশ বুলডগ মডেলের একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন এবং ১০টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, গ্রেপ্তার আতিকের বিরুদ্ধে অস্ত্র মামলা, হত্যাচেষ্টা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া একটি মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে চলতি মাসের ১৫ ও ২৮ জানুয়ারি একই এলাকায় পৃথক অভিযানে চারজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে সেনাবাহিনী।





