অনলাইন ডেস্ক: চট্টগ্রামে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৩০০-এর বেশি রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। বুধবার রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারি পৌরসভার বার্মা কলোনি ঘিরে যৌথবাহিনী এ তল্লাশি অভিযান চালায় বলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান জানিয়েছেন।
পুলিশ জানায়, রাত ১২টার পর শুরু হওয়া এ অভিযানে বার্মা কলোনির শতাধিক বসতঘরের প্রতিটিতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা ও ৮৩ শিশু-কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত তাদের নাগরিকত্ব ও রোহিঙ্গা ক্যাম্পের ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) প্রতিনিধিদের মাধ্যমে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
ওসি ইলিয়াছ খান বলেন, আমরা মোট ৩৪৫ জনকে আটক করে থানায় এনেছি। তবে সবাই রোহিঙ্গা নন। এর মধ্যে এখন পর্যন্ত ৩২২ জন রোহিঙ্গা বলে নিশ্চিত হয়েছি। আরও কয়েকজন পাওয়া যেতে পারে। তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ঠিকানা যাচাই-বাছাই করে সেখানে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত বার্মা কলোনিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানান ওসি।





