নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর দামপাড়া বিশ্ব মসজিদ গেইট থেকে কাজির দেউড়ী মোড় পর্যন্ত সড়কের ডিভাইডারে প্রাকৃতিক সৌন্দর্যবর্ধন করা হয়েছে। বৃহস্পতিবার এ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। সড়কের মাঝখানের আইল্যান্ডে লাগানো বাহারি ফুলের বাগান ও শোভাবর্ধক বৃক্ষের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়ন করছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোকে নান্দনিকভাবে সাজিয়ে তোলার মাধ্যমে নাগরিকদের জন্য একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় দামপাড়া বিশ্ব মসজিদ গেইট থেকে কাজির দেউড়ী মোড় পর্যন্ত সড়কের আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির মৌসুমি ফুল ও দৃষ্টিনন্দন গাছের চারা রোপণ করা হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




