২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে জুলাইযোদ্ধা খোরশেদ খুন, অভিযুক্ত গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত তারেক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকালে চকরিয়ার খুটাখালীর ৭ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৪ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে খোরশেদ আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন খোরশেদ আলম।পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খোরশেদ আলম শহরের পাহাড়তলী এলাকার শাহ আলমের ছেলে এবং জেলা ছাত্রদলের একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় পুরো জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানায়।ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় প্রধান অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গতরাতে হত্যাকাণ্ডের পরেই নিহত খোরশেদ আলমের সঙ্গে থাকা জুলাই আন্দোলনের সমন্বয়ক তরুনী তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।হত্যাকাণ্ডের সময় তারিন খোরশেদের সঙ্গে ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
প্রসঙ্গত, নিহত খোরশেদ আলমের নামাজে জানাজা আজ বুধবার আসর নামাজের পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন