৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এশিয়ান শুটিংয়ে অংশ নিতে দিল্লিতে বাংলাদেশের রবিউল

ক্রীড়া ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না গেলেও শুটিং দলের জন্য ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তার গতকাল ভারতে পৌঁছেছেন। বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস বলেন, শুটার ও কোচের ভারত যাত্রা এবং নিরাপত্তা নিয়ে ফেডারেশন শুরু থেকেই সতর্ক ছিল। তিনি বলেন, ‘আমাদের শুটার ও কোচ গতকাল ভারত পৌঁছেছে।ভারতের শুটিং ফেডারেশন ও এশিয়ান শুটিং ফেডারেশনের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। শুটার ও কোচের নিরাপত্তার বিষয় আমরা আগেই নিশ্চিত হয়েছি।’রবিউল ইসলাম এর আগে ২০২৪ প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছেন। দেশ-বিদেশের নানা আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা রয়েছে।কোচ শারমিন আক্তারও সাবেক তারকা শুটার। এই অভিজ্ঞতাই তাদের প্রতি আস্থার জায়গা তৈরি করেছে বলে জানান সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘দুজনই অত্যন্ত অভিজ্ঞ। বিদেশে অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছে।ফলে সচেতনতা বা পরিস্থিতি মানিয়ে নিতে পারবে তারা।’রবিউলের ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি। দিল্লি থেকে রবিউল জানান, ‘এখন পর্যন্ত আমরা বেশ নিরাপদ ও স্বাভাবিক আছি। ইমিগ্রেশনে তেমন সময় লাগেনি। হোটেল, শুটিং রেঞ্জের পরিবেশও ভালো।কোনো সমস্যা বা সংকটের মুখোমুখি হইনি। আতিথেয়তা ও সুযোগ-সুবিধা এখন পর্যন্ত সন্তোষজনক।’

আরও পড়ুন