৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তাল চট্টগ্রাম বন্দরে বৈঠক, ১৫ মিনিট নৌ-উপদেষ্টাকে আটকে স্লোগান!

নিজস্ব প্রতিবেদক: অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দরে এসে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। কাস্টমস মোড় এলাকায় উপদেষ্টার গাড়ি আটকে স্লোগান দেন আন্দোলনকারীরা। প্রায় ১৫ মিনিট পর পুলিশ ও বন্দরের নিরাপত্তা কর্মীদের পাহাড়ায় উপদেষ্টার গাড়িবহর বন্দর ভবনে প্রবেশ করে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে তিনি বন্দর ভবনে প্রবেশ করতে গেলে কয়েকশ শ্রমিক-কর্মচারী তার গাড়ি ঘিরে বিক্ষোভ করেন। জানা গেছে, চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। জিসিবি, সিসিটি ও এনসিটি টার্মিনালসহ সব জেটিতে কনটেইনার ওঠানামা বন্ধ। বহির্নোঙরে ও জেটিতে পণ্যবাহী জাহাজ আটকে আছে। ইয়ার্ড থেকে পণ্য খালাস ও বন্দরে পণ্যবাহী যান চলাচলও বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করতে নৌপরিবহন উপদেষ্টা সকালে ঢাকা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি বন্দরে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মনিরুজ্জামান।দেখা যায়, নৌ-উপদেষ্টার গাড়ি বহর কাস্টমস মোড়ে আসলে আন্দোলনকারীরা তার গাড়ি আটকে দিয়ে স্লোগান দিতে থাকেন। পরে আইন-শৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় গাড়ি বহর বন্দর ভবনে প্রবেশ করে। গাড়ি থেকে নেমে বন্দর ভবনের ভেতরে ঢোকার সময়ও শ্রমিক-কর্মচারীরা স্লোগান দিতে থাকেন। পরে উপদেষ্টাকে দ্রুত লিফটে করে ওপরের তলায় নিয়ে যাওয়া হয়।
বন্দরের নির্ভরযোগ্য সূত্র জানায়, বন্দর ভবনে প্রবেশের পর নৌপরিবহন উপদেষ্টা চলমান কর্মবিরতি ও অচলাবস্থা নিয়ে জরুরি বৈঠকে বসেছেন।
উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ এবং আন্দোলনকারীদের হয়রানি ও বদলি প্রত্যাহারের দাবিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতি চলছে। এর আগে টানা তিন দিনের কর্মবিরতির পর আন্দোলনে জড়িত অন্তত ১৫ জনকে মোংলা ও পায়রা বন্দরে বদলির আদেশ দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। এর প্রতিবাদে প্রথমে ২৪ ঘণ্টা এবং পরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আরও পড়ুন