অনলাইন ডেস্ক: ‘দু-এক দিনের মধ্যেই টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে যেন ঈদের বাজার এবং দুই ছেলেসহ বাড়ির সবাইকে ঈদের নতুন জামা কাপড় কিনে দিই। কিন্তু এক দিন না যাইতেই আমার স্বামীরে আল্লাহ নিয়া গেল গা। আমার পোলা দুইডা এতিম হইয়া গেল। তোমরা আমার স্বামীর লাশটা আইনা দ্যাও।’ সোমবার (৯ মার্চ) সকালে সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত মোশাররফ হোসেনের স্ত্রী কবরী আক্তারকে এভাবে বিলাপ করতে শোনা যায়। মোশাররফের মৃত্যুর খবরে চারদিকে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, রবিবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা মধ্যপাড়া এলাকার মো. সুরজত আলীর ছেলে মো. মোশারফ হোসেন সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় নিহত হয়। তিনি প্রায় আট বছর ধরে সৌদি আরবের আল তোয়াইক বলদিয়া কম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।





