অনলাইন ডেস্ক: সমাজের অপরাধ দমনে বর্তমান সরকার সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতিতে অঙ্গীকারবদ্ধ বলে ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি জানিয়েছেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।প্রতিমন্ত্রী গতকাল শুক্রবার চট্টগ্রামে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০২৬-এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আয়োজিত ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজি ও দখলবাজি রোধে সরকার শক্ত অবস্থানে রয়েছে।
জনগণের প্রত্যাশা পূরণ ও জানমালের নিরাপত্তা বিধানে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। এমনকি অপরাধের সঙ্গে জড়িত থাকলে দলীয় নেতা-কর্মীদেরও ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন যে, বিপুল জনরায় নিয়ে গঠিত এ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও শান্তিময় জাতি গঠনে কাজ করে যাচ্ছে।একই দিনে হাটহাজারীতে আয়োজিত ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা স্বাধীন বাংলাদেশে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবো।
যার যার ধর্ম সেই পালন করবো। কারো ধর্মের ওপর আঘাত না করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করাই আমাদের লক্ষ্য। আমরা সবাই মিলে দ্বীনের হেফাজত করবো এবং হাটহাজারীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে পরিণত করবো।হাটহাজারীর উন্নয়ন প্রসঙ্গে মীর হেলাল জানান, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্পের ‘লাইভ আপডেট’ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে। জনগণের যেকোনো অভিযোগ বা অনুযোগ সরাসরি জানানোর সুযোগ রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান।অন্যদিকে, হাটহাজারী উপজেলায় আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা হেফাজতের সভাপতি আল্লামা মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে হেফাজতের নায়েবে আমির মুফতি জসিম উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।পরিশেষে, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





